
আল-মাহফুজ শাওন, খুলনা:
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়েছে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এলাকা। বিশেষ করে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে পানি জমে থাকায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হওয়া স্বল্প সময়ের বৃষ্টির পর থেকেই পিটিআইয়ের প্রধান ফটকের সামনের সড়কে পানি জমে রয়েছে। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে ওই পানি সরে যাচ্ছে না। ফলে প্রতিদিনই কষ্ট করে প্রতিষ্ঠানটিতে যাতায়াত করতে হচ্ছে সংশ্লিষ্টদের।
ভুক্তভোগীরা জানান, প্রধান ফটকের সামনে জলাবদ্ধতার কারণে অনেককে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে নারী প্রশিক্ষণার্থী, বয়স্ক ব্যক্তি এবং দর্শনার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। নোংরা পানি জমে থাকায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের।
এলাকাবাসীর মতে, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেন নিয়মিত পরিষ্কার না করার কারণেই সামান্য বৃষ্টিতেই এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
স্থানীয়রা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন জলাবদ্ধতা শুধু যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছে না, বরং শিক্ষার পরিবেশও ব্যাহত করছে। তারা দ্রুত ড্রেন সংস্কার ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ভুক্তভোগীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং পিটিআই এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করবে।