
আল-মাহফুজ শাওন
খুলনা মহানগরীতে এবার মসজিদের ভেতরে গুলির ঘটনা ঘটেছে। ফজরের নামাজ শেষে মসজিদে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে মসজিদ কমিটির সেক্রেটারিসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং মুসল্লি আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত আব্দুল জব্বার শেখের পুত্র এবং আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পরপরই কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে অবস্থান করা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। হামলাকারীদের ছোড়া গুলি লোকমান হাকিমের মাথায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।
অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে বলে জানা গেছে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এ ঘটনার পর পশ্চিম কাশিপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মসজিদের মতো পবিত্র স্থানে প্রকাশ্যে গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে ব্যক্তিগত বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।