
পরশমনি, ঢাকা।
খুলনার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে কথিত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ‘সাখওয়াত সরদার (৬০)’ নামে একজন নিহত হন। একই অভিযানে বাহিনীর প্রধান ‘রবিউল ইসলাম (৫০)’কে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে কোস্ট গার্ড।
এছাড়া গুলিবিদ্ধ ‘ইস্রাফিল হাওলাদার (২৭)’কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনাস্থলে কোস্ট গার্ডের অভিযান এখনও অব্যাহত রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবনের কয়রা কোস্ট গার্ড টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাখওয়াত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের এজাহার সরদারের ছেলে।
অভিযানে আটক রবিউল ইসলাম মহেশ্বরীপুর এলাকার মানিক গাজীর ছেলে। শুক্রবার সকালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের বাবুরাবাদ গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইস্রাফিল হাওলাদারকে আটক করে স্থানীয়রা মঠবাড়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। পরে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একসময় সুন্দরবনে ‘ইলিয়াস বাহিনী’র প্রভাব ছিল। ইলিয়াসের মৃত্যুর পর তার ভগ্নিপতি রবিউল ইসলাম নতুন দল গঠন করলে স্থানীয়রা সেটিকে ‘দুলাভাই বাহিনী’ নামে অভিহিত করে।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, সুন্দরবনের ভেতরে গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে থানায় আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। বিষয়টি কোস্ট গার্ড দেখছে।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অবগত রয়েছেন, তবে বিস্তারিত তথ্য কোস্ট গার্ডের পক্ষ থেকেই জানানো হবে।