
দাফন-কাফন আর চিকিৎসার খরচের কথা ভেবে ২৫ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম, যাকে সবাই ‘বুবি’ নামে চিনতেন। কিন্তু সেই জমানো টাকাই শেষ পর্যন্ত তাঁর জীবনের কাল হয়ে দাঁড়াল।
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে বসবাসকারী ৭০ বছর বয়সী বুবি দীর্ঘ ২৫ বছর ধরে স্টেশনকেই নিজের ঠিকানা বানিয়ে নিয়েছিলেন। একটি ঝোলা হাতে একদিন সেখানে এসে আশ্রয় নেন। এরপর আর কোথাও ফিরে যাননি। স্বজন-পরিজনের কোনো খোঁজ না থাকলেও স্টেশনের দোকানদার, পথচারী ও স্থানীয়রাই হয়ে উঠেছিলেন তাঁর আপনজন।
স্থানীয়দের ভাষ্য, বুবি ভিক্ষা করতেন না। স্টেশনের প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন। বিনিময়ে মানুষ যা দিত, তা দিয়েই চলত তাঁর জীবন। এভাবেই বছরের পর বছর ধরে প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন। পরিচিতজনদের কাছে তিনি বলতেন, অসুস্থ হলে চিকিৎসা এবং মৃত্যুর পর দাফন-কাফনের খরচের জন্যই এই টাকা জমিয়ে রেখেছেন।
অভিযোগ রয়েছে, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁর কক্ষে ঢুকে টাকার দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। পরে কক্ষে লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় বুবিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর চিকিৎসায় এগিয়ে আসে। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে পাড়ি জমান বুবি।
বুবির মৃত্যুতে মেথিকান্দা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে স্টেশনের পরিচিত এই নারী কারও কাছে কোনো বোঝা ছিলেন না। নিজের শ্রমে বেঁচে থাকা এক অসহায় মানুষের এমন মর্মান্তিক পরিণতি স্থানীয়দেরও ব্যথিত করেছে।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, একজন অসহায় বাক্প্রতিবন্ধী বৃদ্ধার ওপর এমন নিষ্ঠুর হামলা শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার জন্যও এক গভীর লজ্জা।