
পরশমনি জ্যোতি,খুলনা:
খুলনা নগরীতে দশম শ্রেণির শিক্ষার্থী আরফানা হোসেন নিরজানা (১৬) হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জন্মদাতা পিতার হাতেই প্রাণ হারিয়েছেন ওই স্কুলছাত্রী। কথার অবাধ্য হওয়ায় ক্ষোভের বশে নেশাগ্রস্ত পিতা আলিম হোসেন আকাশ তার মাথার পেছনে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তার মৃত্যু হলে ঘটনাটি গোপন করতে মরদেহ বস্তাবন্দী করে নিরালা এলাকায় ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত পিতা। তিনি এখনও পলাতক।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে খুলনা মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক ফারুক ইকবাল-এর কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নিহতের মা আরিফা ইয়াসমিন সীমা এসব তথ্য স্বীকার করেছেন।
আদালত ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দায়িত্বশীল সূত্রে জানা যায়, বুধবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফানা হোসেন নিরজানার বস্তাবন্দী মরদেহ উদ্ধারের পর তার মা-বাবা বসুপাড়ার বাসা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নিহতের মা আরিফা ইয়াসমিন সীমাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের শুরুতে তিনি ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলেও পরে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা স্বীকার করেন। জবানবন্দিতে তিনি জানান, পারিবারিক নানা কারণে মেয়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন তার স্বামী আলিম হোসেন আকাশ। বুধবার সন্ধ্যায় রাগের বশে তিনি নিরজানার মাথার পেছনে আঘাত করেন। এতে সে অজ্ঞান হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর মারা যায়। এরপর মরদেহ বস্তায় ভরে নিরালা এলাকায় ফেলে আসেন। এ কাজে তিনি স্বামীকে সহযোগিতা করেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন।
আদালত সূত্র জানায়, জবানবন্দি দেওয়ার সময় নিহতের মা আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, মামলার প্রধান অভিযুক্ত আলিম হোসেন আকাশ এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্লা বাহিনী।
ঘটনার বিস্তারিত তুলে ধরতে শনিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।