
পরশমনি জ্যোতি, বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির সভাপতি ফারহানা চৌধুরী বেবী-এর নেতৃত্বে সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশের নৃত্যশিল্পের বিকাশ, শিল্পীদের কল্যাণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
মন্ত্রী নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন এবং দেশের শিল্প-সংস্কৃতির উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে সংস্থার নেতৃবৃন্দও নৃত্যশিল্পীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর এটিই ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে তাদের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।