
বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-ও এ সময় উপস্থিত থেকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান।
এ সময় ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর মূল্যবান দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী একটি আরও আধুনিক, দক্ষ, সক্ষম ও পেশাদার বাহিনী হিসেবে এগিয়ে যাবে এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।