
আল-মাহফুজ শাওন
খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লেক থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোড এলাকার বাসিন্দা হাসিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা জানান, পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সোয়েব প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেত। বুধবার (২৯ জুলাই) বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে ময়ূর আবাসিক এলাকার লেকে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে এসে মরদেহটি তাদের সন্তানের বলে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সোয়েব সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, পানিতে নামার সময় পা পিছলে লেকে পড়ে গিয়ে সে ডুবে যায়। তার মাথায় একটি আঘাতের চিহ্নও পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এসআই জাহাঙ্গীর মোল্লা বলেন, প্রয়োজনীয় সুরতহাল ও অন্যান্য আইনানুগ কার্যক্রম শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।