
খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় ফারজানা ইসলাম রিয়া (৩১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার রাতে ঘটে। এ ঘটনায় খুলনা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, নিরালা ৭ নম্বর রোডের ভাড়া বাসায় রিয়া ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারজানা ইসলাম রিয়ার পাঁচ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তাঁর স্বামী নিশাদ রায়হান হৃদয় মোবাইল ফোনের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।