
পরশমণি জ্যোতি,
অভিনয়ের পাশাপাশি নতুন পেশাগত জীবনে পা রাখলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। দেশের অন্যতম বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে যোগ দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন এই পেশাগত পরিচয়ের কথা জানান তমা মির্জা। সেখানে তিনি বলেন, অভিনয় তাঁর প্রথম ভালোবাসা ও ভালো লাগার জায়গা। অভিনয়ের সঙ্গেই তিনি আছেন এবং ভবিষ্যতেও অভিনয় চালিয়ে যাবেন।
নতুন পেশায় যুক্ত হওয়ার প্রসঙ্গে তমা মির্জা জানান, অভিনয় জীবনের বাইরে তাঁর জীবনে নতুন একটি পরিচয় যুক্ত হয়েছে। এখন থেকে অভিনয়ের পাশাপাশি এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে দায়িত্ব পালন করবেন তিনি। নতুন এই দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তমা তাঁর পোস্টে ভালোবাসা ও দোয়া চেয়েছেন।
দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনে কাজ করছেন তমা মির্জা। ২০১০ সালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর পথচলা শুরু। পরবর্তীতে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ওয়েবভিত্তিক কাজেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা মির্জা। তবে ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে ‘ময়না’ চরিত্রে অভিনয় করে নতুন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। আফরান নিশোর বিপরীতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়।
‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর দেশের চলচ্চিত্র অঙ্গনে তমা মির্জার অবস্থান আরও শক্তিশালী হয়। অভিনয়ের পাশাপাশি এবার করপোরেট জগতের নতুন অভিজ্ঞতা তাঁর পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি তমা। বরং অভিনয়ের পাশাপাশি নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে পেশাগত জীবনে আরেকটি অধ্যায় যুক্ত করলেন খুলনার এই অভিনেত্রী।
ছবি : অভিনেত্রীর ওয়াল থেকে সংগ্রহ