
খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয়ে খুলনা বেতার শিল্পী সারথির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জাহিরুল ইসলাম জাকিকে সভাপতি এবং **এস. এম. ইকবাল হাসান (তুহিন)**কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সার্চ কমিটির আলোচনা ও মতবিনিময়ের পর সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে ৩৫ সদস্যের কার্যকরী কমিটি এবং ১৪ সদস্যের উপদেষ্টা কমিটি রয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।
নতুন কমিটি ঘোষণার পর দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাংলাদেশ বেতার খুলনার উপ-আঞ্চলিক পরিচালক মো. শাহিদুল ইসলাম এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
অতিথিদের উপস্থিতিতে সার্চ কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন ড. মো. গোলাম সাকলায়েন। পরে অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তারা খুলনা বেতারের বর্তমান অবস্থা ও অবকাঠামোগত সংকট নিয়ে কথা বলেন। খুলনা বেতারের উন্নয়ন ও সংস্কারের বিষয়টি সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন অতিথিরা।
তারা বলেন, খুলনা বেতার শিল্পী সারথির পাশে থেকে খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে সহযোগিতা করা হবে। একই সঙ্গে বেতার শিল্পীদের সঙ্গে সমন্বয় করে খুলনায় একটি সাংস্কৃতিকবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, খুলনা বেতারের শিল্পীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও গতিশীল করতে তারা কাজ করবেন। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করাও তাদের অন্যতম লক্ষ্য।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।