
দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম। এর মাধ্যমে দেশের নেটওয়ার্কে শুধুমাত্র বৈধভাবে নিবন্ধিত মোবাইল সেটই ব্যবহারযোগ্য থাকবে।
আজ বুধবার রাজধানীর বিটিআরসি ভবনের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, “NEIR সিস্টেম চালুর ফলে প্রতিটি মোবাইল ডিভাইস MFS অনুযায়ী নিবন্ধিত থাকবে। কোনো অবৈধ বা ক্লোন করা সেট দিয়ে একাধিক সিম চালানো সম্ভব হবে না। এতে সিম ক্লোনিং, ভূয়া অ্যাকাউন্ট তৈরি ও আর্থিক লেনদেনে জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।”
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “eKYC যাচাই প্রক্রিয়া শক্তিশালী করার অংশ হিসেবে প্রতিটি IMEI নির্দিষ্ট এনআইডি ও সিমের সঙ্গে যুক্ত থাকবে, ফলে ভুয়া বা একাধিক নিবন্ধন করা সম্ভব হবে না। এটি আর্থিক খাতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে।”
তিনি আরও জানান, চুরি বা হারানো ফোনের IMEI ব্লক করে দিলে সেটিতে কোনো নতুন সিম ব্যবহার করা যাবে না। ফলে প্রতারকরা হারানো ফোন ব্যবহার করে স্ক্যাম, ওটিপি জালিয়াতি বা প্রতারণামূলক কার্যক্রম চালাতে পারবে না।
বিশেষ সহকারী বলেন, “NEIR সিস্টেম চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মোবাইল সেটের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে। এতে সরকারের রাজস্ব ক্ষতি রোধের পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে।”
তিনি আরও যোগ করেন, “NEIR শুধু একটি প্রযুক্তিগত ব্যবস্থা নয় — এটি নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা নিশ্চিত করার জাতীয় অঙ্গীকার। এই উদ্যোগ বাস্তবায়নে বিটিআরসি’র পাশাপাশি দেশের চারটি মোবাইল অপারেটরও তাদের নিজস্ব ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম উন্নয়নে কাজ করছে।”
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিকম খাত ‘একটি নতুন, নিরাপদ ও স্বচ্ছ যুগে’ প্রবেশ করবে বলে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বৈধ হ্যান্ডসেট ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে এবং এই উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।