
তিন দিনের ধারাবাহিক উদ্ধার অভিযানের পর সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৮ নভেম্বর (শনিবার) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে একটি জালি বোটে যাত্রা শুরু করেন। দুপুর ১টার দিকে বোটটি ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কারণে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও ১ জন নিখোঁজ ছিলেন।
ঘটনার পর কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা তিন দিন ধরে অনুসন্ধান চালায়।
অবশেষে সোমবার সকালে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয় এবং তা চাঁদপাই নৌ পুলিশ স্টেশনের নিকট হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন—
> “পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ডের তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”