
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সংসদ সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন অনুমোদন করেছে, যা বর্তমানে বিশ্বের অন্যতম কঠোর আইন হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের উদ্যোগ নিলেও ১৬ বছরকে ন্যূনতম বয়স হিসেবে নির্ধারণ করা এই প্রথম। সরকার মনে করছে, এ ধরনের প্ল্যাটফর্মে শিশুদের অনিয়ন্ত্রিত প্রবেশ মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং ক্ষতিকর কনটেন্টের সঙ্গে তাদের অপ্রস্তুতভাবে পরিচয় করিয়ে দেয়।
বিশেষজ্ঞদের মতে, ১৮ বছরের নিচের কিশোর-কিশোরীদের হাতে যখন সোশ্যাল মিডিয়ার মতো বিশাল প্ল্যাটফর্ম উন্মুক্ত থাকে, তখন কৌতূহলের বশে তারা অনেক সময় নেতিবাচক কনটেন্ট বা অসুরক্ষিত প্ল্যাটফর্মে প্রবেশ করে, যা তাদের ভুল পথে পরিচালিত করতে পারে।
সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে এবং একটি সুন্দর, শিক্ষিত ও পরিশীলিত সমাজ গঠনের স্বার্থে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের আরও গুরুত্ব সহকারে ভাবার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।