
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের আমাদী বাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামি অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অজ্ঞান হয়ে পড়া ব্যক্তির নাম মো. খায়রুল ইসলাম। তিনি আমাদী বাজারের একজন পরিচিত ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় খায়রুল ইসলাম তার দোকানে বসে ব্যবসা করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে পুলিশের কয়েকজন সদস্য দোকানের সামনে উপস্থিত হন। পুলিশকে দেখেই তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি দোকানের ভেতরে পড়ে যান এবং অজ্ঞান হয়ে পড়েন।
ঘটনাটি ঘটলে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে আমাদী পুলিশ ফাঁড়ির এএসআই শাহাবুদ্দিন বলেন,
“মো. খায়রুল ইসলাম একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা বাজারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে খুলনায় পাঠিয়েছেন।”
এ ঘটনার পর আমাদী বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতি এবং ওয়ারেন্টভুক্ত আসামির হঠাৎ অজ্ঞান হয়ে পড়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।