
দীর্ঘ ১৬ বছর পর অবশেষে সম্পন্ন হলো মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার (২০২৬–২০২৭) দ্বিবার্ষিক নির্বাচন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এসএ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি।
এছাড়া সহ-সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে. এম. জিয়াউস সাদাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৭টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
ফলাফল ঘোষণাসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এবং নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু।
বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, “দীর্ঘ ১৫ বছর পর ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া সাংবাদিক সমাজের জন্য গর্বের বিষয়। নতুন নেতৃত্ব এমইউজেকে আরও গতিশীল করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।” তিনি নবনির্বাচিতদের অভিনন্দন জানান এবং ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি বাস্তবায়নসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের খুলনা ব্যুরো প্রধান জি. এম. রফিকুল ইসলাম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দিন ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৪ নভেম্বর খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এর আগে সর্বশেষ এমইউজে খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ১২ ডিসেম্বর।