
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ধনী ও শিল্পোন্নত দেশগুলো বারবার প্যারিস জলবায়ু চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, “জলবায়ু অর্থায়ন আমাদের দয়া বা ঋণ হিসেবে দেওয়ার বিষয় নয়; এটি আমাদের অধিকার। তাই এই অর্থায়ন অবশ্যই অনুদান আকারে দিতে হবে—এ দাবি আমরা দৃঢ়ভাবে জানাতে চাই।”
শনিবার (১৫ নভেম্বর) ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এর ব্লু জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী এবং যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত—তাদের মধ্যে এক গভীর বৈষম্য তৈরি হয়েছে। বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো যখন এই সম্মেলনে অংশ নেয়, তখন সেই অসম বাস্তবতা আরও স্পষ্ট হয়ে ওঠে।”
জলবায়ু নীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
নারীর ওপর জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাবের কথা উল্লেখ করে ফরিদা আখতার বলেন, “জলবায়ু নীতিনির্ধারণে নারী অংশগ্রহণের ঘাটতি দূর করতে হবে। ভবিষ্যতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কপ–এ আরও সক্রিয় উপস্থিতির প্রয়োজন রয়েছে।”
জলবায়ু আলোচনায় তরুণদের সক্রিয় ভূমিকার প্রশংসা
তিনি জানান, কপ৩০–এ তরুণদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের বক্তব্য, প্রশ্ন ও সাইড ইভেন্টে অংশগ্রহণ জলবায়ু আলোচনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। “ভবিষ্যতের জলবায়ু নেতৃত্ব তরুণদের হাতেই গড়ে উঠবে—তাই তাদের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ”— বলেন উপদেষ্টা।
ইলিশ রক্ষায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান
মৎস্য উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন, নদীর স্বভাব পরিবর্তন এবং আবাসস্থল ধ্বংসের ফলে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সংকটে পড়ছে। এতে মৎস্যজীবীরা পেশাহানির ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন,
“বিশ্বে ইলিশের প্রথম অবস্থান বাংলাদেশের। প্রকৃতি আমাদের এই সম্পদ দিয়েছে—এটি রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এখন অত্যন্ত জরুরি।”
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম. হাফিজুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য ও ছবি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা