
ঢাকা থেকে ফুসলিয়ে খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা যৌনপল্লীতে নিয়ে আটকে রাখা এক তরুণীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১৫ নভেম্বর মধ্যরাতে।
পিরোজপুর সদর উপজেলার এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ২১ বছর বয়সী মেয়েকে ফুসলিয়ে ঢাকা থেকে মংলায় এনে একটি বাসায় আটকে রাখা হয়েছে এবং তাকে যৌনপল্লীতে বিক্রি বা বিদেশে পাচার করা হতে পারে। কলটি গ্রহণ করেন ৯৯৯–এর কলটেকার কনস্টেবল সাহেল খান। তিনি ভুক্তভোগীর ফোন নম্বর নিয়ে কথা বলে নিশ্চিত হন, তরুণী খুলনার দাকোপ থানাধীন বানিয়াশান্তা যৌনপল্লীতে অবস্থান করছেন। বিষয়টি দ্রুত উদ্ধার নিশ্চিত করতে ৯৯৯ ডিসপাচার এসআই ইমদাদুল হক ঘটনাটি তদারক করেন।
সংবাদ পেয়ে দাকোপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখা হয়েছে। পরে জানা যায়, তরুণী ঢাকার মিরপুরে একটি মেসে থাকতেন এবং চাকরির চেষ্টা করছিলেন। চাকরি না পাওয়ায় মেসের ভাড়া ও খাওয়ার বিল জমে যায়। এ পরিস্থিতিতে তার এক পরিচিত নারীর প্ররোচনায় গত ২৩ অক্টোবর তিনি বানিয়াশান্তায় যান। সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় এবং বের হতে দেওয়া হচ্ছিল না।
পরে ১৬ নভেম্বর ভোরে পুলিশ তরুণীকে উদ্ধার করে দাকোপ থানা নিয়ে আসে। তার মাকে বিষয়টি জানানো হয়। ঘটনাটি জানার পর পিরোজপুর থেকে তরুণীর পিতা-মাতা থানায় আসেন এবং সেদিনই দুপুরে পুলিশ তাদের জিম্মায় তরুণীকে হস্তান্তর করে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান ৯৯৯–কে ঘটনাটি নিশ্চিত করেন।
তথ্য ও ছবি : জাতীয় জরুরি সেবা ৯৯৯