
রাজধানীর হাজারীবাগ এলাকায় বাসার সামনে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)–কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে রায়েরবাজার হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে। নিহত বিন্তি তার ছোট ভাই নাবিলকে সঙ্গে নিয়ে বাসার বাইরে গেলে কিছুক্ষণ পর নিচে হইচই শুরু হয়। স্বজনরা দ্রুত নেমে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেল্লাল হোসেন জানান, “রাতে আমার মেয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাইরে যায়। কিছুক্ষণ পর বাসার নিচে হইচই শুনে দেখি কে বা কারা তাকে কুপিয়ে ফেলে গেছে।” নিহতের মা নাদিয়া বেগম অভিযোগ করেন, “তিন-চার বছর ধরে সিয়াম মোবাইলে আমার মেয়েকে বিরক্ত করত। আজ সে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের কাঁধ ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।