
বাংলা, বিহার ও উড়িষ্যার দেশপ্রেমী শাসক আলিবর্দী খান-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজধানী ঢাকায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর শাসনামলের দেশপ্রেম, ন্যায়পরায়ণতা ও প্রজাকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, আলিবর্দী খান উপমহাদেশের ইতিহাসে এক অনন্য শাসক, যিনি কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও বাংলার স্বার্থ রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করেছিলেন। তাঁর আদর্শ, সততা ও দূরদর্শিতা আজও দেশপ্রেমিকদের জন্য প্রেরণার উৎস। একইসঙ্গে তাঁর নাতি সিরাজউদ্দৌলা-এর সংগ্রামী ইতিহাসের সঙ্গেও তাঁর অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সৈয়দ গোলাম আব্বাস আরেব, যিনি নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা নামেও পরিচিত এবং নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর হিসেবে পরিচিত। তিনি তাঁর বক্তব্যে পূর্বপুরুষদের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফারহানা নীলা, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ইকবাল হোসাইন ভূঁইয়াসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবাব আলিবর্দী খানের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানটি আয়োজন করে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এনএসএসপি)। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সফল করতে প্রবাস থেকে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম (যুক্তরাষ্ট্র) এবং যুক্তরাজ্যভিত্তিক কাবা ফাউন্ডেশন। প্রধান মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে সাপ্তাহিক পলাশী।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।