
মোংলা বন্দরের শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনায় মালয়েশিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে বন্দর পরিদর্শন করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।
পরিদর্শনকালে প্রতিনিধিদল মোংলা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা ঘুরে দেখেন। এ সময় বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ, লজিস্টিকস সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এস এম শফিকুল আলম মনা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দরের অপার সম্ভাবনা রয়েছে। আধুনিক অবকাঠামো ও যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হলে খুলনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে নতুন গতি সঞ্চার হবে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা ও সম্ভাবনা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে নতুন বিনিয়োগ, শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মোংলা বন্দর।