
নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে ‘বাসা বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান নগরীর সোনাডাঙা ২য় আবাসিক এলাকায় বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।
ভিডিওটিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়, যেমন—
বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলা;
প্রাচীরের উপযুক্ত উচ্চতা ও উপরে কাটাতার স্থাপন;
চাবি হারিয়ে গেলে নতুন তালা ব্যবহার;
সিসি ক্যামেরা স্থাপনের গুরুত্ব;
রাতে বাড়ির প্রবেশদ্বার ও আশপাশে পর্যাপ্ত আলোকসজ্জা রাখা;
দূরে গেলে প্রতিবেশীদের অবহিত করা ইত্যাদি।
ভিডিও প্রদর্শনীর পর কমিশনার উপস্থিত নাগরিকদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ শোনেন।
তিনি বলেন, “বাসা-বাড়ির নিরাপত্তা সবার আগে সচেতনতার ওপর নির্ভর করে। নাগরিকরা যদি নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকেন, তবে অপরাধ প্রতিরোধ অনেকাংশে সম্ভব।”
কেএমপি আশা করছে, এই ভিডিওর বার্তাগুলো নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ‘নিরাপদ খুলনা’ গড়ার লক্ষ্যে সবাই আরও সচেতন হয়ে উঠবেন।
🔸 তথ্য ও ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)