
খুলনার দৌলতপুরে “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সুশাসন ও দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ, দৌলতপুর থানা ইউনিট।
সভায় সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম জোয়ারদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের ন্যাশনাল কো–অর্ডিনেটর ডা. এস এম হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির খুলনা বিভাগীয় সহ–সভাপতি ও মোংলা প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক শামীম হোসেন, অধ্যাপক আব্দুর রশিদ মোড়ল, গ্রীন ফোর্স খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ সুজাত কবির এবং সংগঠনটির সিনিয়র সহ–সভাপতি অধ্যাপক খায়রুজ্জামান সরদার।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে পরিবার-পর্যায়ে নৈতিক শিক্ষার প্রসার, প্রশাসনিক স্বচ্ছতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক সচেতনতা অপরিহার্য। শিক্ষা প্রতিষ্ঠানে সততার চর্চা, নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সামাজিকভাবে দুর্নীতিবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দুর্নীতিকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তরিকুল ইসলাম চয়ন।
মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’, দৌলতপুর থানা ইউনিটের নেতৃবৃন্দ সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।