
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোল্ৎজ (Dr. Rudiger Loltz) সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এই মন্তব্য করেন।
সাক্ষাৎকালে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের সময়সূচি ও প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার অপরাধ, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।”
নির্বাচনের তারিখ জানতে চাইলে তিনি বলেন,
“আমরা আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সুনির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। যে তারিখই নির্ধারণ করা হোক, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নগণ্য। কেউ পরিস্থিতি বিঘ্ন ঘটাতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।”
অপরাধের মাত্রা প্রসঙ্গে তিনি আরও বলেন,
“অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই আছে। মানুষ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে—যা বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সম্ভব হয়নি।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মোঃ মাহাবুবুর রহমান,
জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কেরস্টেন (Anja Kersten) প্রমুখ।
তথ্য ও ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়