
সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে। শুক্রবার নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সম্মাননা স্মারক এবং পদক প্রদান করেন।
এ বছর নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৪০ জন নৌসদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়—যার মধ্যে রয়েছে এনবিপি, ওএসপি, বিএসপি, এনজিপি, এনইউপি ও এনপিপি পদক।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের পরিবার, ৫ জন বীর উত্তম, ৮ জন বীর বিক্রম ও ৮ জন বীর প্রতীক মুক্তিযোদ্ধার পরিবার উপস্থিত ছিলেন।
উর্ধ্বতন নৌ কর্মকর্তারা এবং পদকপ্রাপ্ত সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
তথ্য ও ছবি : এস.এম. শামীম