
এস, এম আরাফাত আলী
আঞ্চলিক ইতিহাসের শেকড় সন্ধান এবং খুলনা অঞ্চলের ঐতিহ্যকে সাহিত্য ও গবেষণার পাতায় চিরভাস্বর করে রাখার পেছনে যে কয়েকজন মনীষীর অবদান অনস্বীকার্য, তাঁদের মধ্যে প্রখ্যাত আইনজীবী, সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল ফজল মোহাম্মদ আব্দুল জলীল অন্যতম। একাধারে আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীনতার স্বপক্ষে রাজপথের আন্দোলন এবং সুগভীর গবেষণা—এই ত্রিধারার মেলবন্ধনে তিনি হয়ে উঠেছিলেন রূপসা-ভৈরব তীরের এক খাঁটি রূপকার।
দক্ষিণাঞ্চলের এই অনন্য কীর্তিমানের জন্ম ১৯১৩ সালের ১ জানুয়ারি, বর্তমান খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। পিতা উমেদ আলী মোল্লা এবং মাতা নজিবুন্নেছার ঘরে বেড়ে ওঠা জলীল শৈশব থেকেই ছিলেন বিদ্যানুরাগী। তেরখাদা জুনিয়র মাদ্রাসা থেকে ১৯২৮ সালে সফলতার সাথে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মাধ্যমিক শিক্ষার জন্য খুলনা শহরের নামকরা বি. কে. স্কুলে ভর্তি হন এবং ১৯৩৩ সালে সেখান থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করেন। এরপর উচ্চশিক্ষার পথ ধরে তিনি ভর্তি হন ঐতিহাসিক দৌলতপুর ব্রজলাল (বি. এল.) কলেজে, যেখান থেকে ১৯৩৬ সালে আইএ এবং ১৯৩৮ সালে বিএ ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি আইন বিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জন করে আইন পেশায় আত্মনিয়োগ করেন।
আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও এ এফ এম আব্দুল জলীলের প্রাণ সঞ্চারিত হতো রাজনীতি ও সাহিত্যের গবেষণালব্ধ ধারায়। তিনি ছিলেন সুন্দরবন ও খুলনা অঞ্চলের আঞ্চলিক ইতিহাসের অন্যতম প্রধান গবেষক। দীর্ঘ বছরের অক্লান্ত পরিশ্রম ও অনুসন্ধানের ফসল হিসেবে ১৯৬৯ সালে প্রকাশিত হয় তাঁর কালজয়ী গবেষণা গ্রন্থ “সুন্দরবনের ইতিহাস”। এই গ্রন্থটিকে আজও সুন্দরবনের ভৌগোলিক ও ঐতিহাসিক বিবর্তনের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হিসেবে গণ্য করা হয়। বিখ্যাত ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের গবেষণালব্ধ মতবাদ উল্লেখ করে তিনি তুলে ধরেছিলেন কীভাবে তুর্ক-আফগান আমলের অতি ক্ষুদ্র গ্রাম “কিসমত খুলনা” থেকে আজকের সমৃদ্ধ রূপসা তীরের ‘খুলনা’ নামের উৎপত্তি ঘটেছিল। জ্ঞানচর্চার দীর্ঘযাত্রায় তিনি প্রায় ৫০টিরও বেশি বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্য ও ইতিহাস চর্চায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।
জ্ঞানসাধনার পাশাপাশি দেশের রাজনৈতিক ও সামাজিক ক্রান্তিলগ্নেও তিনি ছিলেন অগ্রগামী এক বীর। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে, ১৯৬৯ সালের তীব্র গণঅভ্যুত্থানের দিনগুলোতে খুলনার আইনজীবী সমাজকে এক সুতোয় গেঁথে রাজপথের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অন্যায়ের প্রতিবাদ ও মুক্তিকামী মানুষের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে তিনি খুলনার রাজনীতির মাঠে পরিচিতি পান।
এই ক্ষণজন্মা ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী মনীষী ১৯৭৮ সালের ২ নভেম্বর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ৩ নভেম্বর শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তাঁর স্মৃতি ও অবদানকে অমর করে রাখতে ১৯৯৪ সালে তাঁর জন্মস্থান তেরখাদার পানতিতায় প্রতিষ্ঠিত হয় “এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়”। এছাড়া খুলনা মহানগরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বর তাঁর নামে নামকরণ করে এই গুণী গবেষকের স্মৃতিকে সম্মান জানানো হয়েছে। খুলনা ও সুন্দরবনের ইতিহাস যতদিন চর্চা হবে, আবুল ফজল মোহাম্মদ আব্দুল জলীল তাঁর সৃষ্টি ও কীর্তির মাঝে ততদিন বেঁচে থাকবেন।