
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা থানাধীন আড়িয়ালখান সেতুর কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে দ্রুতগামী এক যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে কয়েকজন যাত্রী আটকে পড়েছেন। দ্রুত উদ্ধারের অনুরোধ করেন তিনি।
৯৯৯-এ কলটি গ্রহণ করেন কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন। তিনি তাৎক্ষণিকভাবে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশকে ঘটনাটি জানান। উদ্ধার অভিযানের সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপ্যাচার ফাইটার মেহেদি হাসান।
সংবাদ পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের দুইটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা আহত ৯ যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর জেলা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি নিয়ে ভাঙ্গা হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।